প্রিন্ট এর তারিখঃ Apr 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 April 2026, 12:32 ইং
নিখোঁজ শিশু রমজানকে তার মায়ের কাছে হস্তান্তর

অভয়নগর (যশোর) প্রতিনিধি
শুক্রবার (৩ এপ্রিল) সকালে খুলনা থেকে নিখোঁজ হওয়া শিশু রমজান হাওলাদারকে (৪) তার মা মালেকা খাতুনের নিকট হস্তান্তর করা হয়েছে। যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সহযোগিতায় শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম, আরএমও ডা. মাহফুজুর রহমান সবুজ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স প্রমুখ।
জানা গেছে, শুক্রবার দুপুরে অভয়নগরের রাজঘাট বাসস্ট্যাণ্ড এলাকা থেকে স্থানীয় চার যুবক নিখোঁজ শিশু রমজানকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। এরপর নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর পরামর্শে সমাজসেবা অফিসের মাধ্যমে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিভাগে রাখা হয়। সেখানে রাখার পর শিশুটির নতুন পোশাক ও খাবারের ব্যবস্থা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব। এরপর স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ শিশুর নামসহ একটি ছবি প্রচার করা হয়।
শিশু রমজানের মা মালেকা খাতুন জানান, খুলনা রেলওয়ে স্টেশন সংলগ্ন লঞ্চঘাটে দুই শিশুকে নিয়ে বসবাস করেন তিনি। এক বছর পূর্বে স্বামী লিটন হাওয়াদার আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যাওয়ার পর থেকে সন্তানদের নিয়ে ভিক্ষা করেন তিনি। ঘটনার দিন শুক্রবার সকাল ৯ টার দিকে তার বড় ছেলে রমজান হাওলাদার (৪) হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার রাতে জানতে পারেন তার ছেলে অভয়নগরে সরকারি হাসপাতালে রয়েছে। নিখোঁজ ছেলেকে ফিরে পেয়ে সকলের জন্য দোয়া করেন তিনি।
এদিকে মানবিক এ কাজের জন্য অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, অভয়নগর থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ