প্রিন্ট এর তারিখঃ Mar 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ 29 March 2026, 09:41 ইং
পচা-বাসি খাবার রাখা দায়ে নাজমা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি:
যশোর শহরের এমকে রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে, পচা-বাসি খাবার রাখা এবং নোংরা ডিম ব্যবহারের দায়ে ‘নাজমা হোটেল এন্ড রেস্টুরেন্ট’ নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত বিশেষ টাস্কফোর্সের অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলার এমকে রোড এলাকায় নিয়মিত তদারকির অংশ হিসেবে নাজমা হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। পরিদর্শন গিয়ে বিপুল পরিমাণ পানিযুক্ত বাসি ও পচা ভাত তাজা ভাতের সঙ্গে মিশিয়ে বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছে। এছাড়া ময়লা ও বিষ্ঠাযুক্ত ডিম খালি হাতে ভেঙে সরাসরি ময়দার খামিরের সঙ্গে মেশানো হচ্ছে। পুরো রান্নাঘর অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা অবস্থায় পাওয়া গেছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী, মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব কর্মকাণ্ডের দায়ে প্রতিষ্ঠানটিকে নগদ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে বাসি-পচা খাবার বিক্রয় করা সরাসরি আইনের লঙ্ঘন। জনস্বার্থে এবং সাধারণ মানুষের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা পুলিশের একটি চৌকস আভিযানিক দল এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ