প্রিন্ট এর তারিখঃ Mar 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ 27 March 2026, 11:32 ইং
দৌলতদিয়ায় বাসডুবি: ২৬ মরদেহ উদ্ধার, এখনও চলছে তল্লাশি

স্বপ্নভূমি ডেস্ক :
রাজবাড়ীর দৌলতদিয়া ৩নং ফেরিঘাট এলাকায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযানের তৃতীয় দিনেও নিখোঁজের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী। আজ শুক্রবার দুপুর পর্যন্ত নদী থেকে মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহগুলো ইতোমধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের পর নদীগর্ভে আর কোনো মরদেহ আটকে আছে কিনা বা স্রোতে ভেসে গেছে কিনা তা নিশ্চিত হতে স্পিডবোট নিয়ে আশপাশের এলাকায় নিবিড় তল্লাশি চালানো হচ্ছে। তিনি বলেন, “আমরা শেষ মুহূর্ত পর্যন্ত তল্লাশি চালিয়ে যাব। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য পুরো এলাকায় মাইকিং করা হচ্ছে। যদি আরও কেউ নিখোঁজ থাকে, তবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বা প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়েছে।”
উদ্ধার অভিযানের মাঝেই রিপন নামের এক যুবকের নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে তার বোন মুক্তা ফায়ার সার্ভিসকে জানিয়েছেন, রিপন ঢাকায় একটি ইটের ভাটায় কাজ করতেন। দুর্ঘটনার দিন তিনি বালিয়াকান্দি বাসস্ট্যান্ড থেকে ‘সৌহার্দ্য পরিবহনের’ বাসে করে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ এবং পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। রিপন ওই বাসের যাত্রী ছিলেন কি না, তা নিশ্চিত হতে ইটের ভাটায় খোঁজ নিচ্ছে পরিবার। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে স্বজনদের।
দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা ঘাটে অবস্থান করছেন। প্রতিকূলতা সত্ত্বেও উদ্ধারকর্মীরা নদীর বিভিন্ন পয়েন্টে স্পিডবোট দিয়ে নজরদারি বাড়িয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি ও উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই তৎপরতা অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ