প্রিন্ট এর তারিখঃ Mar 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 March 2026, 15:07 ইং
‘৭১-এর স্বাধীনতার আসল লক্ষ্য আজও অর্জিত হয়নি’: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুল

স্টাফ রিপোর্টার :
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, ১৯৭১ সালের লাখো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও সেই দেশে আজও সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি।
শহর শাখা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর শাখা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমরান হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়।
অধ্যাপক গোলাম রসুল বলেন, "দেশের মানুষ আজও সুশাসন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। রাজনৈতিক দলের ছত্রছায়ায় সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। রাষ্ট্রের সুযোগ-সুবিধা কিংবা মানুষের মৌলিক অধিকার—সব ক্ষেত্রেই বৈষম্য প্রকট। আমরা আজও সেই কাঙ্ক্ষিত গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে দেখতে পাচ্ছি না।"
বক্তব্যে তিনি ১৯৭০ সালের নির্বাচনের ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে বলেন, তৎকালীন পাকিস্তানি জান্তা সরকার জনগণের ম্যান্ডেট অবজ্ঞা করায় স্বাধীনতা যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, স্বাধীনতার এত বছর পরেও সেই একই আচরণের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। ১২ই ফেব্রুয়ারির নির্বাচন ও 'জুলাই সনদ' প্রসঙ্গে তিনি বলেন, "দেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিলেও একটি পক্ষ আজ সেই গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।"
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যশোর সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা, অফিস সম্পাদক নুর-ই আলি নুর আল মামুন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী মুকিতুল হক, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম, কামরুল ইসলাম শিহাব ও মাহমুদুর রহমান প্রমুখ।
বক্তারা সমাজে মানবিক মর্যাদা পুনরুদ্ধার এবং সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ