প্রিন্ট এর তারিখঃ Mar 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 March 2026, 14:52 ইং
সাভার স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মরণে বিশেষ দোয়া করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ ভোরে সাভারে উপস্থিত হন। পুষ্পস্তবক অর্পণের সময় তার সঙ্গে জামায়াতে ইসলামী ও বিরোধী দলীয় সংসদীয় দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।
এছাড়াও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংক্ষেপে সংবাদকর্মীদের জানান, ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ