প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 March 2026, 12:53 ইং
২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

স্টাফ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম আগামী ২৯ মার্চ বেলা ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। রোববার (১৫ মার্চ) দ্বিতীয় দিনের অধিবেশন শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এই ঘোষণা দেন।
রোববার বেলা ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সংসদের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অধিবেশনে সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
দিনের কার্যসূচি সমাপ্তি শেষে স্পিকার সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, "সংসদের বৈঠক আগামী ২৯ মার্চ বেলা ৩টা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।" আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সংসদ সদস্যদের আগাম 'ঈদ মোবারক' জানান স্পিকার।
গত বৃহস্পতিবার (১২ মার্চ) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। তবে প্রথম দিনেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ কক্ষ। রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিরোধী দলের সদস্যরা সংসদে বিক্ষোভ প্রদর্শন করেন এবং একপর্যায়ে কক্ষ থেকে ওয়াকআউট করেন। সেই উত্তাপের রেশ কাটিয়ে আজ দ্বিতীয় দিনের অধিবেশন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ