প্রিন্ট এর তারিখঃ Mar 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ 12 March 2026, 10:36 ইং
‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড হাতে সংসদ কাঁপালেন বিরোধীরা, তোপের মুখে রাষ্ট্রপতির ভাষণ

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদের চলমান অধিবেশনে এক নজিরবিহীন ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ প্রদানকে কেন্দ্র করে বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা তীব্র বিক্ষোভ ও ওয়াকআউট করেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে অধিবেশন শুরু হওয়ার পর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি যখন ভাষণ দেওয়ার জন্য ডায়াসের দিকে এগোচ্ছিলেন, তখনই হট্টগোল শুরু হয়। জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা নিজ আসন থেকে দাঁড়িয়ে চিৎকার করে প্রতিবাদ জানাতে থাকেন। এ সময় তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি ডায়াসে অবস্থান নেওয়ার পরও পরিস্থিতি শান্ত হয়নি। বিরোধী দলের সদস্যরা রাষ্ট্রপতির উপস্থিতিতেই স্লোগান দিতে থাকেন। তারা জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে রাষ্ট্রপতির ভূমিকার সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করেন। সরকারি দলের সদস্যরা এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও হট্টগোল বজায় থাকে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার নির্ধারিত ভাষণ শুরু করার কিছুক্ষণ পর প্রতিবাদী সংসদ সদস্যরা একযোগে সংসদ কক্ষ ত্যাগ (ওয়াকআউট) করেন। তারা বের হয়ে যাওয়ার সময়ও সরকারের বিরুদ্ধে ও জুলাইয়ের ত্যাগের পক্ষে স্লোগান দিতে থাকেন।
বিরোধী দলের অনুপস্থিতিতেই রাষ্ট্রপতি তার ভাষণ চালিয়ে যান। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সংসদ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সংসদীয় লবিতে এ নিয়ে উত্তপ্ত আলোচনা চলছে। সংসদীয় বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতির উপস্থিতিতে এ ধরনের সরাসরি বিক্ষোভ সংসদীয় ইতিহাসে বিরল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ