আর্ন্তজাতিক ডেস্ক:
বিশ্বের বৃহত্তম জ্বালানি তেলের রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়। মূলত হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বুধবার (১১ মার্চ) মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া এই তেল বিতরণ কার্যক্রম পরবর্তী চার মাস বা ১২০ দিন পর্যন্ত অব্যাহত থাকবে। নিজেদের নাগরিক এবং মিত্র দেশগুলোর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
বিশ্বের বৃহত্তম তেল আধার যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানা অঙ্গরাজ্যের ভূগর্ভস্থ ডিপোগুলোতে বর্তমানে ৪১ কোটি ৫০ লাখ ব্যারেল তেল মজুত রয়েছে। যদিও এই রিজার্ভের মোট ধারণক্ষমতা ৭০ কোটি ব্যারেল। জরুরি পরিস্থিতি মোকাবিলায় তৈরি এই আধারটি বিশ্বের বৃহত্তম জ্বালানি তেলের মজুত হিসেবে পরিচিত।
তবে মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছরের মধ্যে এই বিশেষ মজুতে (এসপিআর) পুনরায় ২০ কোটি ব্যারেল তেল যুক্ত করার শর্তেই বর্তমানে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল অবমুক্ত করা হচ্ছে।
হরমুজ প্রণালিতে অস্থিরতা গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযোগকারী কৌশলগত গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালি’তে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের প্রায় ২০ শতাংশ তেল ও তরল গ্যাস এই রুট দিয়েই পরিবাহিত হয়।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনের তথ্যমতে, গত কয়েক দিনে এই প্রণালিতে ১০টিরও বেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এমনকি ইরান এই নৌপথে মাইন স্থাপন শুরু করেছে বলেও অভিযোগ উঠেছে। মূলত এই সরবরাহ সংকটের প্রভাব থেকে বাজার রক্ষা করতেই ওয়াশিংটন তাদের জরুরি মজুত ব্যবহারের সিদ্ধান্ত নিল।