প্রিন্ট এর তারিখঃ Mar 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ 11 March 2026, 15:10 ইং
ককটেল ও দেশী অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে আজিজুল শেখ (৩০) নামে হত্যা মামলার আসামিকে ১২টি বোমা সদৃশ ককটেল ও একটি দেশী রামদাসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬, সিপিসি-৩ যশোর। বুধবার (১১ মার্চ) বিকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক আজিজুল শেখ ইছামতি গ্রামের সফারত শেখের ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় একটি হত্যা মামলা রয়েছে।
র্যাব-৬, সিপিসি-৩ যশোরের একটি সূত্র জানায়, বুধবার বিকাল ৫ টার দিকে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামে অভিযান চালানো হয়। এসময় হত্যা মামলার আসামি আজিজুল শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বসতঘর থেকে কসটেপ দিয়ে পেঁচানো ১২টি (বার) বোমা সদৃশ ককটেল এবং একটি দেশী রামদা উদ্ধার করা হয়। ককটেল ও রামদা কি কাজের জন্য লুকিয়ে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আসামি র্যাবের হেফাজতে রয়েছে। ওই ইউনিয়নে অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান মুঠোফোনে বলেন, শুনেছি ইছামতি গ্রামে র্যাব-৬ এর অভিযানে ককটেল ও দেশী অস্ত্রসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। জানতে পারলে বিস্তারিত বলা সম্ভব হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ