অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে দত্ত হার্ডওয়্যার নামে একটি দোকানের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলার নওয়াপাড়া বাজারের মুদিপট্টি সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার হার্ডওয়্যার সামগ্রী পুড়ে গেছে বলে দোকান মালিক দাবি করেন।
ক্ষতিগ্রস্ত দত্ত হার্ডওয়্যারের মালিক দিলিপ দত্ত বলেন, ‘সকাল ৭ টার দিকে প্রতিবেশী এক দোকান মালিকের মাধ্যমে জানতে পারেন গুদামে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে গুদামে থাকা হার্ডওয়্যার সামগ্রী সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা।’
এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে সকাল সাড়ে ৭ টার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রাথমিক তদন্তে মনে হয়েছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকা।’