প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 March 2026, 13:47 ইং
টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র: হাসপাতালে গিয়ে মিলল না চাকরির হদিস

নিজস্ব প্রতিবেদক :
আউটসোর্সিংয়ের মাধ্যমে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা মামলাটি অবশেষে যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়েছে। আদালতের নির্দেশে সোমবার (২ মার্চ) রাতে পুলিশ মামলাটি রেকর্ডভুক্ত করে।
যশোর শহরের শংকরপুর ইছাহাক সড়কের বাসিন্দা আমির আলীর ছেলে স্কুল শিক্ষক সাইফুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার একমাত্র আসামি মণিরামপুর উপজেলার বাকোশপোল গ্রামের মৃত সন্তোষ বিশ্বাসের ছেলে কাজল বিশ্বাস। তিনি নিজেকে ‘অর্থ প্রাইভেট লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচয় দিতেন।
মামলার আরজি থেকে জানা যায়, আসামি কাজল বিশ্বাস ভুক্তভোগী সাইফুলের পূর্ব পরিচিত ছিলেন। তিনি দাবি করতেন যে, তার প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ে লোক নিয়োগ দেওয়া হয়। এই প্রস্তাবে বিশ্বাস করে সাইফুল ইসলাম তার ভাই, বোন ও ভাইপোসহ মোট ৪ জনের চাকরির জন্য ২০২২ সালের ২৬ আগস্ট থেকে ২০২৩ সালের ২২ জুনের মধ্যে দফায় দফায় ৮ লাখ ৩০ হাজার টাকা কাজলকে প্রদান করেন।
টাকা নেওয়ার পর কাজল বিশ্বাস ওই চারজনকে নিয়োগপত্র প্রদান করেন এবং মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে বলেন। তবে তারা যখন কর্মস্থলে যোগদান করতে যান, তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায় যে, ওই পদগুলোতে আগেই লোক নিয়োগ সম্পন্ন হয়েছে এবং তাদের দেওয়া নিয়োগপত্রগুলো ভুয়া।
পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সাইফুল ইসলাম টাকা ফেরত চাইলে কাজল বিশ্বাস টালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে টাকা দিতে অস্বীকার করেন। কোনো উপায় না পেয়ে সাইফুল ইসলাম ২০২৫ সালের ২৪ ডিসেম্বর আদালতের দ্বারস্থ হন।
আদালতের আদেশে সোমবার মামলাটি থানায় নিয়মিত (এফআইআর) হিসেবে গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে এবং জালিয়াতির এই চক্রের সাথে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ