প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 March 2026, 11:52 ইং
কেশবপুরে এক মাসে কুকুর-বিড়ালের কামড়ে আহত ২২৬, হাসপাতাল নেই ভ্যাকসিন

স্টাফ রিপোর্টার :
যশোরের কেশবপুর উপজেলায় কুকুর ও বিড়ালের কামড়ে আহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ফেব্রুয়ারি মাসেই অন্তত ২২৬ জন বিভিন্ন প্রাণীর কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে চরম উদ্বেগের বিষয় হলো, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে কোনো ‘অ্যান্টি-র্যাবিস’ (জলাতঙ্ক প্রতিরোধক) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়া রোগীদের চড়া মূল্যে বাইরে থেকে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিতে হচ্ছে।
সর্বশেষ আজ মঙ্গলবারও বিড়ালের কামড়ে আহত হয়ে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী প্রত্যাশা (১৭) ও শ্রীফলা গ্রামের সালমা বেগম (৫০) হাসপাতালে আসেন। এছাড়া কুকুরের কামড়ে আহত কুলবাড়িয়া গ্রামের নাঈম হোসেন (১৮) ও দেয়াড়া গ্রামের ইয়াকুব আলী (৬৫) চিকিৎসা নিয়েছেন। প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ জন রোগী কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম জানান, গত ফেব্রুয়ারি মাসে শুধু কুকুরের কামড়ে আহত হয়েছেন ৮০ জন। এছাড়া বিড়াল ও অন্যান্য প্রাণীর কামড়ে আরও ১৪৬ জনসহ মোট ২২৬ জন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, সরকারি হাসপাতালে বিনামূল্যে ভ্যাকসিন পাওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে সেটি সরবরাহ নেই। নিম্নবিত্ত রোগীদের জন্য বাইরের ফার্মেসি থেকে চড়া দামে এই টিকা কেনা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ হাসপাতালে ভ্যাকসিনের ঘাটতির কথা স্বীকার করে বলেন, "বর্তমানে আমাদের স্টকে কোনো অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন নেই। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি। দ্রুত বরাদ্দ পাওয়া গেলে এই সংকট নিরসন হবে।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ