প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 March 2026, 07:17 ইং
সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ

স্টাফ রিপোর্টার :
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনের (SBC) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ জয়নুল বারী। সোমবার (২ মার্চ) তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে পদত্যাগপত্র জমা দেন।
মোহাম্মদ জয়নুল বারী নিজেই তার পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি এই দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য যে, আজ সোমবার সকাল থেকেই বীমা খাতে বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে। জয়নুল বারীর পদত্যাগের ঠিক আগেই সকালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান আসলাম আলমও তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই দিনে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা প্রতিষ্ঠানের দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের আগে মোহাম্মদ জয়নুল বারী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। তিনি এর আগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
:
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আর্থিক ও বীমা খাতের সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদত্যাগগুলো কি না, তা নিয়ে গুঞ্জন রয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেবল ‘ব্যক্তিগত কারণ’ই উল্লেখ করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শীঘ্রই এই শূন্য পদগুলো পূরণে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ