প্রিন্ট এর তারিখঃ Feb 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ 23 February 2026, 11:37 ইং
নতুন সরকারের প্রতি বিশ্বশক্তির গভীর আস্থা: ড. খলিলুর রহমান

স্টাফ রিপোর্টার :
নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ‘জাতীয় স্বার্থ ও মর্যাদা’কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট জানান, নতুন সরকারের প্রতি বিশ্ব সম্প্রদায়ের গভীর আস্থা রয়েছে এবং তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের বৈদেশিক নীতির আউটলাইন অত্যন্ত পরিষ্কার—বাংলাদেশ ফার্স্ট। অর্থাৎ সবার ওপরে বাংলাদেশ। আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদার নীতির ওপর ভিত্তি করে আমাদের কার্যক্রম পরিচালনা করব।” তিনি আরও যোগ করেন যে, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি বজায় রেখেই প্রতিটি রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক লাভবান সম্পর্ক গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য।
এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পৃথক বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা। এছাড়া গত দুদিনে সৌদি আরব, চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের সঙ্গেও মন্ত্রীর ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি এ পর্যন্ত যাদের সঙ্গে বৈঠক করেছি, তারা সবাই আমাদের প্রতি গভীর আস্থা রেখেছেন। সৌদি আরব থেকে শুরু করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন—সবাই আমাদের সাথে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী।”
তিনি আশা প্রকাশ করেন যে, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক যেসব অমীমাংসিত ইস্যু রয়েছে, সেগুলো পারস্পরিক সম্মান ও মর্যাদাপূর্ণভাবে সমাধানের মাধ্যমে সবার স্বার্থ সুরক্ষিত করা সম্ভব হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ