প্রিন্ট এর তারিখঃ Feb 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ 23 February 2026, 11:03 ইং
নয়াপল্টনে মির্জা ফখরুল: ‘তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ব’

স্বপ্নভূমি ডেস্ক :
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এলেন দলটির মহাসচিব এবং বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তার আগমনে দীর্ঘদিনের ‘নীরবতা’ ভেঙে উৎসবে মাতেন নেতাকর্মী ও সমর্থকরা।
নয়াপল্টনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, "নতুন বাংলাদেশের জন্য বিএনপি সরকার নিরলস কাজ করে যাচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অল্প সময়ের মধ্যে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার সুযোগ্য নেতৃত্বেই আমরা একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করব।"
স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে তিনি জানান, বর্তমানে নিয়মনীতি অনুযায়ী সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে খুব অল্প সময়ের মধ্যেই সিটি কর্পোরেশন নির্বাচনের আয়োজন করা হবে।
এছাড়া সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, "সংসদ অধিবেশন বসার পর এ বিষয়ে কাজ শুরু হবে। যারা দলের দুর্দিনে সম্পৃক্ত ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদেরই প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।"
বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস খোলার খবর নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মির্জা ফখরুল স্পষ্ট জানিয়ে দেন, "আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ। তাই তাদের অফিস খোলার কোনো প্রশ্নই ওঠে না, এটি হওয়ার কথা নয়।"
সোমবার সকাল থেকেই নয়াপল্টন কার্যালয় এলাকায় নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা ১১টায় মির্জা ফখরুল কার্যালয়ে পৌঁছালে প্রধান ফটকে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পরে তিন তলায় নিজের কক্ষে বসলে দলের নির্বাহী কমিটির সদস্য ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, নির্বাচনের পর রাষ্ট্রীয় ও দলীয় নানা ব্যস্ততা শেষে নয়াপল্টনের এই ঐতিহাসিক দপ্তরে মির্জা ফখরুলের প্রথম উপস্থিতি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ