প্রিন্ট এর তারিখঃ Feb 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ 22 February 2026, 13:21 ইং
নদের পাশে ঘের কেটে সেতুর ক্ষতি, যুবকের এক মাসের কারাদণ্ড

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
মনিরামপুরে কপোতাক্ষ নদের পাশে মাছের ঘের কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের মাধ্যমে মণিরামপুর-কলারোয়া সংযোগ সেতুর ক্ষতিসাধন করায় মোহাম্মদ শুভ (৪১) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে মশ্মিমনগর ইউনিয়নের খোর্দ্দঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যাণ্ড) মাহির দায়ান আমিন।
দণ্ডপ্রাপ্ত শুভ চালকা-ভরতপুর এলাকার রেজাউল করিমের ছেলে। এসিল্যাণ্ড মাহির দায়ান আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
এসিল্যাণ্ড মাহির বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা অনুযায়ী সেতু ও কালভার্টসহ গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনার সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে বালু বা মাটি উত্তোলন সম্পূর্ণ অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ। এই ধারার লঙ্ঘনে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা দশ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ডের বিধান রয়েছে।
এসিল্যাণ্ড বলেন, স্থানীয়দের ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তার মাধ্যমে অভিযোগ পেয়ে সরোজমিন আদালত পরিচালনাকালে দেখা গেছে মোহাম্মদ শুভ নামের ওই যুবক খোর্দ্দ ব্রিজের ঠিক নিচে ঘের তৈরির উদ্দেশে গত চারদিন থেকে ক্রমাগত মাটি অপসারণ করছেন। যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং শুভ নিজের দোষ স্বীকার করে নেওয়ায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
ছবি : কপোতাক্ষ নদের পাশে ঘের কেটে সেতুর ক্ষতি করায় এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ