প্রিন্ট এর তারিখঃ Feb 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ 19 February 2026, 15:56 ইং
যশোর শহরে বাহারি রকমের ইফতারির সমাহার

স্বপ্নভূমি ডেস্ক :
পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই জমজমাট ছিল যশোর শহরের ইফতার বাজার। ক্রেতারা এক প্রকার প্রতিযোগিতা করে দ্রুততম সময়ের মধ্যে পছন্দের ইফতার সংগ্রহ করেছেন। ইফতার সামগ্রীর দাম বেশি বলে ক্রেতারা অভিযোগ করলেও বেচাবিক্রিতে এর কোনো প্রভাব পড়েনি।
বৃহস্পতিবার রোজার প্রথম দিনে যশোরের অভিজাত রেস্তোরাঁ থেকে শুরু করে ফুটপাতে সর্বত্র দেখা গেছে রকমারি ইফতারের পসরা। ক্রেতারা অভিযোগ করছেন গত কয়েক বছরের মধ্যে এবার ইফতার সামগ্রীর দাম অনেক বেশি। অবশ্য বিক্রেতারা বলছেন ভিন্নকথা। তাদের দাবি অন্য বছরগুলোর তুলনায় বেচাবিক্রি অনেক বেশি হয়েছে। বিকেল থেকে শহরের বিভিন্ন ইফতারির দোকানে ভিড় জমতে থাকে। ইফতারের সময় এগিয়ে আসার সাথে সাথে বাড়তে থাকে ক্রেতাভিড়। সরেজমিনে যশোর শহরের দড়াটানা, চিত্রা মোড়, নিউমার্কেট, ধর্মতলা, রেলস্টেশন বাজার, হাইকোর্ট মোড়, মণিহারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। টেবিলে সাজানো হরেক রকমের দেশি ভাজাপোড়া সব খাবারের সুগন্ধি ছড়াচ্ছে চারিদিকে। এসব খাবার বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।
তবে প্রথম রমজানে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে শহরের নামিদামি হোটেলের সামনে। ক্রেতাদের চাপে দম ফেলার ফুরসত ছিল না বিক্রেতাদের। ইফতারির বিভিন্ন আইটেমের মধ্যে ছিল ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, চিকেন রোল, রসুনের চপ, রোল, সবজি রোল, চিকেন বল, সবজি পাকুড়া, চিংড়ি চপ, ডিম চপ, চিকেন স্যান্ডুইচ, জালি কাবাব, হেলাঞ্চি চপ, কাঁচা ঝালের চপ, মাংসের চপ, মাশরুম চপ, টিকিয়া, চিকেন ফ্রাই, ফালুদা, শাহী জিলাপি, রেশমি জিলাপি, নরমাল জিলাপি, চিকেন সামুচা, হালিম, তেহেরিসহ নানা পদের মুখরোচক সব খাবার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ