প্রিন্ট এর তারিখঃ Feb 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ 19 February 2026, 13:51 ইং
যশোরের ঝিকরগাছার রফিকুল হত্যা মামলায় আত্মসমর্পনণকারী ৬ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক ঃ
ঝিকরগাছার রফিকুল ইসলাম হত্যা মামলায় আত্মসমর্পণকারী চার্জশিটভুক্ত ৬ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবা শারমীন আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, ঝিকরগাছার সোনাকুড় গ্রামের তমেজ উদ্দিনের ছেলে নাজমুল হোসাইন সোহাগ, মৃত ইমান আলীর ছেলে তরিকুল ইসলাম, আমিনুর রহমানের ছেলে নাজমুল ইসলাম, হযরত আলীর ছেলে নুর ইসলাম, হোসেন আলীর ছেলে মাহাবুবুর রহমান ও মুনতাজের ছেলে দবির সরদার।
মামলার অভিযোগে জানা গেছে, রফিকুল ইসলাম মাদকসেবন ও কারবারের সঙ্গে জড়িত ছিলো। একপর্যায়ে তিনি মানসিক রোগীতে পরিণত হন। রফিকুল সবসময় ধারালো অস্ত্র নিয়ে ঘুরতো। ২০২৫ সালের ২ জুলাই সকালে সোনাকুড় গ্রামের আজগার আলীর জামাতা জহর আলী তার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে বাঁকড়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে জহিরের চায়ের দোকানের সামনে এলে হঠাৎ রফিকুল ইসলাম তাকে গতিরোধ করে দা দিয়ে মাথায় কোপ দেয়। স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে রফিকুল ইসলামকে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দিলে ঘটনাস্থলে মারা যায়।
এ ঘটনায় নিহত রফিকুলের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে ঝিকরগাছা থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই হাদিউর রহমান। এ মামলার চার্জশিটভুক্ত ওই ৬ আসামি দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর পুলিশী গ্রেফতার এড়াতে আদালতে আত্মসমর্পন করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ