প্রিন্ট এর তারিখঃ Feb 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ 19 February 2026, 06:33 ইং
রমজানে ১০ লাখ পরিবারের জন্য সুলভ মূল্যে প্রোটিন নিশ্চিত করছে সরকার

স্বপ্নভূমি ডেস্ক :
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে সারাদেশে সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য (দুধ, ডিম, মাংস ও মাছ) সরবরাহের বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় দেশের প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মহাখালিস্থ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই উদ্যোগ। তিনি বলেন, "রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বৃদ্ধি করলে সাধারণ মানুষের কষ্ট বাড়ে। আমাদের এই কার্যক্রমের ফলে বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং নিম্নআয়ের মানুষের পাশাপাশি সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন।" ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
সরকারের নির্বাচনী অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অতি দ্রুত ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। তিনি সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান।
বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের কল্যাণে কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ঠিক তেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজে কষ্ট ভোগ করেও অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাঁদের আদর্শকে ধারণ করেই আমরা উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবো।"
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।
- বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর সভাপতি মশিউর রহমান।
- বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিসিএফএফএ)-এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ