প্রিন্ট এর তারিখঃ Feb 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ 18 February 2026, 12:39 ইং
ভারত থেকে সরছে বিশ্বকাপ!

ক্রীড়া প্রতিবেদক :
ভারত ও পাকিস্তানের মধ্যকার তলানিতে ঠেকে যাওয়া কূটনৈতিক সম্পর্কের প্রভাব এবার পড়তে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় দুটি আসরে। রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার চিন্তা-ভাবনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অস্ট্রেলিয়ার খ্যাতনামা দৈনিক ‘দ্য এজ’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
যদি শেষ পর্যন্ত ভারত থেকে এই দুটি মেগা টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়, তবে আয়োজক হিসেবে আইসিসির প্রথম পছন্দ অস্ট্রেলিয়া। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজনের অভিজ্ঞতা থাকায় অজিরাই এখন বিকল্প হিসেবে সবচেয়ে এগিয়ে।
ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমানে একটি চুক্তি রয়েছে যে, কোনো দেশই একে অপরের মাটিতে গিয়ে আইসিসি ইভেন্ট খেলবে না। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় এই সংকটের সূত্রপাত। বর্তমানে ২০২৭ সাল পর্যন্ত এই চুক্তি থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা প্রবল।
তবে আইসিসি আর ‘হাইব্রিড মডেলে’ (একাধিক দেশে খেলা) টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহী নয়। ‘দ্য এজ’-এর দাবি অনুযায়ী, দুই দেশে যাতায়াত, বাড়তি হোটেলের ব্যবস্থা এবং লজিস্টিক সাপোর্টের কারণে টুর্নামেন্টের খরচ বহুগুণ বেড়ে যায়। এই বাড়তি ঝামেলা ও ব্যয় এড়াতেই টুর্নামেন্টগুলো ভারত থেকে সরিয়ে সম্পূর্ণ অন্য কোনো দেশে আয়োজনের ছক কষছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
অবশ্য ভারতের মতো বড় বাজার থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া আইসিসির জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ ভারতে খেলা হলে দর্শক সমাগম এবং সম্প্রচার স্বত্ব থেকে আয়ের পরিমাণ অনেক বেশি থাকে। কিন্তু কূটনৈতিক জটিলতা ও টুর্নামেন্টের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে আইসিসি এখন আয়ের চেয়ে শৃঙ্খলার ওপরই বেশি জোর দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ