প্রিন্ট এর তারিখঃ Feb 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ 16 February 2026, 10:40 ইং
‘সরকারের নির্দেশ পেলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী’: সেনাপ্রধান

স্বপ্নভূমি ডেস্ক :
নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর নির্দেশনা দিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত রোববার (১৫ ফেব্রুয়ারি) ‘সিএএস দরবারে’ সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সেনাপ্রধান তার বক্তব্যে উল্লেখ করেন, দেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। তিনি বলেন, “জনগণের স্বার্থে যা করণীয় ছিল, তা সম্পন্ন করা হয়েছে। সেনাবাহিনী এখন নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে। সরকারের নির্দেশনা পেলেই তারা ব্যারাকে ফিরে যাবে।” তিনি আরও জানান, নির্বাচনের নিরাপত্তার জন্য মোতায়েন করা অতিরিক্ত ফোর্স ইতোমধ্যে কমিয়ে আনা হয়েছে।
নির্বাচনী দায়িত্ব পালনকালে সেনাসদস্যদের চমৎকার দায়িত্বশীলতা, ধৈর্য ও পেশাদারিত্বের জন্য সেনাপ্রধান আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্যের নিষ্ঠার কারণেই একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।
জেনারেল ওয়াকার-উজ-জামান ইউনিট প্রধানদের কঠোরভাবে চেইন অব কমান্ড বজায় রাখার নির্দেশ দেন। সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য উৎস থেকে আসা ভুল ও মিথ্যা তথ্যের (গুজব) বিষয়ে সবাইকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকার আহ্বান জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ