প্রিন্ট এর তারিখঃ Feb 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 February 2026, 11:58 ইং
প্রেমিকাকে না পেয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন প্রেমিকের!

অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে প্রেমিকার সঙ্গে বিয়ের প্রস্তাব ভেঙে যাওয়ায় অন্তর বিশ্বাস (৩০) নামে এক যুবক নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। শনিবার (১৪ ফেব্রæয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার ধোপাদী গ্রামে নতুনবাজার হাড়িভাঙা এলাকায় হাবিবুর রহমানের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ যুবককে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্তর বিশ্বাস কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী আকবর সড়ক সংলগ্ন সাগর বিশ্বাসের ছেলে। পেশোয় সে একজন ট্রাকের হেলপার। গত ২ মাস ধরে অভয়নগর উপজেলার আমডাঙ্গা গ্রামে একটি ভাড়া বাড়িতে বসবাস করেন তিনি।
ট্রাক চালক সোহাগ হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ আমার ট্রাকে হেলপার হিসেবে কাজ করে অন্তর। দুই মাস হয়েছে সে অভয়নগরের আমডাঙ্গা গ্রামে একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করে। সম্প্রতি ধোপাদী গ্রামের হাড়িভাঙা এলাকার একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার রাতে বিয়ের প্রস্তাব দিলে সেই মেয়ের পরিবার তা প্রত্যাখ্যান করে। শুনেছি প্রেমিকাকে না পাওয়ার কারণে সে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। পরে এলাকাবাসীর সহযোগিতায় অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১ টার দিকে হাড়িভাঙা এলাকায় হাবিবুর রহমানের বাড়ির সামনের রাস্তা থেকে অন্তর নামে এক যুবককে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, মধ্যরাতে কয়েকজন ব্যক্তি অগ্নিদগ্ধ এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। আগুনে তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ