প্রিন্ট এর তারিখঃ Feb 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ 14 February 2026, 13:42 ইং
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের পরিকল্পনা করছে বিএনপি

আন্তর্জাতিক ডেস্ক, স্বপ্নভূমি :
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির একাধিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক কূটনৈতিক প্রস্তুতির পরিকল্পনা চলছে। এই অনুষ্ঠানে আঞ্চলিক বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ নেতাদের আমন্ত্রণের তালিকা করা হচ্ছে, যার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকবেন ‘মূল আমন্ত্রিত অতিথি’ হিসেবে। ধারণা করা হচ্ছে, প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক সেতু তৈরিতে এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন:
"তারেক রহমানের সঙ্গে কথা বলে আমি আনন্দিত। আমি তাকে বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন থাকা দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমি দুই দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।"
বিএনপির শীর্ষ নেতাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানটিকে একটি আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক সংযোগের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চায় দলটি। যদি আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ পাঠানো হয় এবং নরেন্দ্র মোদি তা গ্রহণ করেন, তবে এটি ঢাকার নতুন রাজনৈতিক নেতৃত্বের অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বিবেচিত হবে।
এখনও শপথ গ্রহণ অনুষ্ঠানের সুনির্দিষ্ট তারিখ বা বিদেশি অতিথিদের উপস্থিতি সম্পর্কে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে মন্ত্রিপরিষদ বিভাগ ও রাজনৈতিক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই এই জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ