প্রিন্ট এর তারিখঃ Feb 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ 10 February 2026, 12:43 ইং
কেশবপুরে ট্রাক টার্মিনালের ওয়াকফ সম্পত্তি নিয়ে সংবাদ সম্মেলন

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুরে ট্রাক টার্মিনালের ওয়াকফ সম্পত্তিতে নির্মিত গ্যারেজের ভাড়া অবৈধ কমিটি করে আদায় চেষ্টা ও হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে পৌরসভার মধ্যকুল এলাকার হাজী জমসের খাঁন ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী আসাদুজ্জামান খান সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে আসাদুজ্জামান খান বলেন, ১৯০৩ সাল থেকে আমরা বংশ পর¤পরায় ওয়াকফ এস্টেট পরিচালনা করে আসছি। বর্তমানে আমাদের অধীনে রয়েছে আনুমানিক ৫ বিঘা। কেশবপুর ট্রাক টার্মিনালের এই ওয়াকফ স¤পত্তির উপর বর্তমানে আমরা ১৪টি গ্যারেজ ও একটি হোটেল করে ভাড়া দিয়েছি। ভাড়ার টাকা দিয়ে ওয়াকফ এস্টেটের নামে মামলা ও স্থানীয় মসজিদের কাজে ব্যয় করা হয়। সম্প্রতি মধ্যকুল গ্রামের ওয়াজেদ আলী খান ডাবলু, হাফিজুর রহমান বাবু, আসিফ রায়হান ও মোজাম্মেল হক মসজিদ পরিচালনার একটি কমিটি করে ওয়াকফ এস্টেটের সম্পত্তিতে নির্মিত গ্যারেজের ভাড়া দাবি করে আসছে। ভাড়াটিয়ারা ওই অবৈধ কমিটির নিকট ভাড়া প্রদানে অস্বীকৃতি জানালে তাদেরকে হুমকিসহ মারপিট করতে যায়। ওই সময় ভাড়াটিয়ারা ওয়াকফ এস্টেটের নিয়োগকৃত যুগ্ম অফিসিয়াল মোতাওয়াল্লী ইকরামুছ সালাম খানকে ডাকে। তিনি সেখানে উপস্থিত হলে ভাড়াটিয়াদের সামনেই তাকে হুমকি প্রদান করে। বিষয়টি উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করা হয়। এরপর থেকে তারা আরও বেপরোয়া হয়ে উঠায় আমরা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি।
আসাদুজ্জামান খান সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়াজেদ আলী খান ডাবলুসহ অবৈধ কমিটির এমন কর্মকান্ড থেকে রক্ষা পেতে এবং ওয়াকফ সম্পত্তি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনকালে ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লীসহ গ্যারেজের ভাড়াটিয়ারা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ