প্রিন্ট এর তারিখঃ Feb 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ 08 February 2026, 03:49 ইং
যশোরের আলোচিত ক্যাডারের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ চারজন আটক
স্টাফ রিপোর্টার; যশোর:
যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী ও যুবলীগ নামধারী আলোচিত ক্যাডার আরিফের বাড়িতে মধ্যরাতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি, ধারালো অস্ত্র ও মদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের আগেই পালিয়ে যায় মূল অভিযুক্ত আরিফ।
শনিবার দিবাগত রাত ১২টার পর যশোর শহরের ঢাকারোড বিসিএমসি সংলগ্ন আরিফের বাড়িতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অভিযানে উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, দুইটি মেটাল স্ট্রিক পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন।
অভিযানকালে আরিফ পালিয়ে গেলেও আটক করা হয় তার দুই ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগর। এছাড়া আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকেও আটক করা হয়। রাত সাড়ে চারটার দিকে তাদের সবাইকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
যৌথ অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে আরিফ, সাকি ও সাগর ছিলেন প্রভাবশালী ও দাপুটে ক্যাডার। বিশেষ করে আরিফ ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের একটি অংশের বাহিনী প্রধান। এছাড়া শাহীন চাকলাদারের ভাই ফন্টু চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন এই তিন ভাই।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, যুবলীগের নাম ব্যবহার করে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন তারা। এর আগেও অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনা রয়েছে তাদের বিরুদ্ধে। এসব কারণে দীর্ঘদিন ধরেই তারা ছিল গোয়েন্দা নজরদারিতে।
বিশেষ বাহিনীর নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই মধ্যরাতে এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের আগেই কৌশলে পালিয়ে যায় আলোচিত সন্ত্রাসী আরিফ।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ