প্রিন্ট এর তারিখঃ Feb 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 February 2026, 02:33 ইং
‘১২ তারিখেই নির্বাচন হতে হবে, বানচালের চেষ্টা সইবো না’—ইনকিলাব মঞ্চ

স্বপ্নভূমি ডেস্ক :
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই হতে হবে এবং কোনোভাবেই এই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না বলে কড়া বার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশের জলকামান ও টিয়ারগ্যাস হামলায় সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ নেতা আহত হওয়ার পর রাতে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই অবস্থান জানায় সংগঠনটি।
পোস্টে ইনকিলাব মঞ্চ উল্লেখ করে, “নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।”
এর আগে বিকেলে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে মিছিলটি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়।
আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করে।
এই সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবদুল্লাহ আল জাবেরের শরীরে সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সংগঠনটির নেতারা অভিযোগ করেছেন, হাদি হত্যার বিচার দাবির এই আন্দোলনকে একটি গোষ্ঠী ভিন্নখাতে প্রবাহিত করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা স্পষ্ট করেছেন, হাদি হত্যার বিচার এবং সময়মতো নির্বাচন—এই দুই দাবিতেই তারা অটল।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাত থেকেই তারা যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে তদন্তের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্তের খবর এলেও সুনির্দিষ্ট ঘোষণার দাবিতে তারা রাজপথে আন্দোলন অব্যাহত রেখেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ