প্রিন্ট এর তারিখঃ Feb 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 February 2026, 02:24 ইং
গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের হামলা ন্যাক্কারজনক: এহসানুল মাহবুব জুবায়ের

নিজস্ব প্রতিবেদক :
গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। পুলিশের হামলায় আহত ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও রাকসুর সাবেক জিএস আম্মারসহ অন্যদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
হাসপাতাল চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট জুবায়ের বলেন, “শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের এমন আগ্রাসী ভূমিকা কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও রাকসুর সাবেক জিএস আম্মারের আহত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত দাবি করছি এবং দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”
তিনি অবিলম্বে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ এবং পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমেদ খান।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত কর্মীদের ওপর পুলিশের অ্যাকশনের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন তীব্র নিন্দা জানিয়ে আসছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ