প্রিন্ট এর তারিখঃ Feb 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 February 2026, 02:21 ইং
ইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

স্টাফ রিপোর্টার :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ডাকসু ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ডাকসুর জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক উম্মে সালমাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, "শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে যখন আন্দোলন হচ্ছে, তখন ডিএমপি কমিশনারের উপস্থিতিতে এই আন্দোলন নিয়ে উপহাস (মকারি) করা হচ্ছে। আমাদের বোনদের নিয়ে মকারি করা হচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন আচরণ ন্যাক্কারজনক।"
তিনি আরও বলেন, "ইনকিলাব মঞ্চ আশঙ্কা করছে এই হামলায় আওয়ামী লীগের একটি অংশ জড়িত। পুলিশের ভেতর লুকিয়ে থাকা আওয়ামী দোসর এবং আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়া অনুপ্রবেশকারীরা উস্কানি দিয়ে এই পরিস্থিতি তৈরি করেছে। তারা মূলত নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে।" সরকারকে সতর্ক করে তিনি বলেন, "ক্ষুদ্র জমায়েত ছত্রভঙ্গ করতে আপনারা যেভাবে আগ্রাসী হয়েছেন, তাতে নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে আমরা শঙ্কিত।"
আইনশৃঙ্খলা বাহিনীর ডাকসু এজিএস মু. মহিউদ্দিন খান বলেন, "ভেবেছিলাম জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশের মধ্যে অনুশোচনা আসবে। কিন্তু তারা বিনা উস্কানিতে হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা বদলায়নি। অবিলম্বে এই হামলায় জড়িতদের শনাক্ত করে বিচার করতে হবে।"
সমাবেশে জানানো হয়, ইনকিলাব মঞ্চের নেতাদের অনুরোধে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এদিনের কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। তবে শহিদ ওসমান হাদির রক্তের মর্যাদা রক্ষায় ডাকসু রাজপথে সোচ্চার থাকবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ