প্রিন্ট এর তারিখঃ Feb 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 February 2026, 01:08 ইং
‘হ্যাটট্রিক’ শিরোপার স্বপ্নে অদম্য হান্নান সরকার

ক্রীড়া প্রতিবেদক :
‘কাগজে-কলমে লড়াই হয় না, আসল লড়াই হয় মাঠে’—আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ‘অদম্য বাংলাদেশ’ টি-টোয়েন্টি কাপের আগে এমন হুঙ্কারই দিলেন দুরন্ত একাদশের হেড কোচ হান্নান সরকার। বিপিএল ও ডিপিএলে টানা শিরোপা জয়ের পর এবার তার লক্ষ্য ব্যক্তিগত সাফল্যের ‘হ্যাটট্রিক’।
আজ বুধবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হান্নান সরকার তারুণ্যনির্ভর দল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান। তিনি মনে করেন, তরুণ ক্রিকেটারদের উদ্দীপনা মাঠে বাড়তি সুবিধা দেবে তার দলকে।
বিশ্বকাপের আক্ষেপ ভুলে এই টুর্নামেন্টকে গুরুত্বের সঙ্গেই দেখছেন কোচ। তিনি বলেন, “আমরা বিশ্বকাপ খেলছি না—এই আক্ষেপ নিয়ে মাঠে নামছি না। বরং এটাকে একটা দারুণ প্রতিযোগিতামূলক মঞ্চ হিসেবে দেখছি। দল গঠনের পরিকল্পনা দেখলেই বোঝা যায় আয়োজকরা কতটা সিরিয়াস।”
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও বিপিএলে শিরোপাজয়ী কোচ হান্নান এবারও ট্রফি উঁচিয়ে ধরতে মুখিয়ে আছেন। তবে একক কৃতিত্বের চেয়ে দলীয় সংহতিকেই এগিয়ে রাখছেন তিনি, “আত্মবিশ্বাস শুধু কোচের থাকলে হয় না, টিম বয় থেকে খেলোয়াড়—সবার বিশ্বাস থাকতে হবে। আমাদের দলের সবারই কোনো না কোনো পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে।”
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এবং ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত তরুণদের নিয়ে বেশ আশাবাদী হান্নান সরকার। তার মতে, “ওরা শুধু অনূর্ধ্ব-১৯ খেলে আসেনি, বিপিএল-ডিপিএলের মতো বড় মঞ্চে খেলার অভিজ্ঞতাও তাদের আছে। বড় স্টেজে পারফর্ম করার সক্ষমতা তাদের শতভাগ রয়েছে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ