প্রিন্ট এর তারিখঃ Mar 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 February 2026, 02:44 ইং
সমালোচনায় শালীনতার সীমা অতিক্রম করবেন না: নেতা-কর্মীদের জামায়াত আমির

স্টাফ রিপোর্টার :
ভোটের মাঠে রাজনৈতিক প্রতিযোগিতার খাতিরে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ বা সমালোচনার ক্ষেত্রে শালীনতার সীমা অতিক্রম না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সমালোচনা করার অধিকার সবার থাকলেও তা অবশ্যই যুক্তি ও রুচিশীল ভাষায় হতে হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তিনি এই পরামর্শ দেন।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের পরিস্থিতির দিকে ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, "সম্প্রতি ভোটের মাঠে কাজ করতে গিয়ে অনেকেই একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারেন। সমালোচনা করার অধিকার অবশ্যই সবার আছে। কিন্তু কোনো অবস্থাতেই তা শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়।"
ডা. শফিকুর রহমান তার স্ট্যাটাসে ভাষা প্রয়োগের বিষয়ে সচেতন হওয়ার তাগিদ দিয়ে লেখেন, "এমন কোনো ভাষা প্রয়োগ করা মোটেই কাম্য নয়, যে ভাষা আমার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে প্রয়োগ করলে আপনি আহত হবেন।" তিনি আরও উল্লেখ করেন যে, কোনো প্রিয় মানুষকে কেউ রুচিবহির্ভূতভাবে সমালোচনা করলেও তার জবাব উত্তম ভাষায় এবং যুক্তিপূর্ণভাবে দেওয়া উচিত। এটিই ইসলামের শিক্ষা বলে তিনি স্মরণ করিয়ে দেন।
নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "আমার এই সামান্য পরামর্শটুকু সবাই যথাযথ গুরুত্ব দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ