প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 February 2026, 01:24 ইং
গাজীপুরে নারী ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

স্বপ্নভূমি ডেস্ক :
গাজীপুরে এক নারী ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা ও দেশব্যাপী অব্যাহত নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ঘুরে শাহবাগে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, "জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সুন্দর পরিবেশ ও সম্ভাবনাকে নস্যাৎ করতে একটি নির্দিষ্ট দল মরিয়া হয়ে উঠেছে। গত দেড় বছরে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে নতুন মাফিয়াতন্ত্র কায়েম করেছে।" তিনি অভিযোগ করেন, ওই দলের শীর্ষ নেতা দেশে ফেরার পর তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড আরও লাগামহীন হয়ে পড়েছে।
শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, "গত ১৮ মাসে বিএনপি শতাধিক নারীকে ধর্ষণ করেছে এবং ২৩১ জনকে খুন করেছে। তারা ক্ষমতার লোভে মজলুম থেকে জালেমে পরিণত হয়েছে।" তিনি আরও বলেন, "একদিকে নারীদের ওপর হামলা করা হচ্ছে, অন্যদিকে ফ্যামিলি কার্ডের গল্প শোনানো হচ্ছে। সাহস থাকলে আগে চাঁদাবাজি ও ধর্ষণ বন্ধ করার কার্ড তৈরি করুন।"
শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, "সারা দেশ যখন সুস্থ রাজনীতির স্বপ্ন দেখছে, তখন একটি দল হত্যা ও নারী নিপীড়নে লিপ্ত। চট্টগ্রামের সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে ছাত্রদল নেতা গ্রেপ্তার হয়েছে। এমনকি ২০১৮ সালে সুবর্ণচরে যে ব্যক্তি ধানের শীষে ভোট দেওয়ায় এক নারীকে ধর্ষণ করেছিল, সে-ও এখন বিএনপির প্রচারণায় নেমেছে।"
গাজীপুরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, "গতকাল এক নারী ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে এবং তার সন্তান এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এমন নৃশংসতা সহ্য করা হবে না।"
সমাবেশ থেকে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ১২ তারিখ (নির্বাচন/গণভোটের দিন) এ দেশের নারী-পুরুষ ঐক্যবদ্ধ হয়ে খুনি, চাঁদাবাজ এবং নারী নিপীড়কদের ‘লাল কার্ড’ প্রদর্শন করবে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগরীর বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ