প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 01 February 2026, 02:44 ইং
অভয়নগরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে বিদেশি পিস্তল, গুলি ও দেশি অস্ত্রসহ রাকিব সরদার (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনী।
আটক রাকিব সরদার রেলস্টেশন বাজার এলাকার ব্যবসায়ী লুৎফর রহমান সরদারের ছেলে। শনিবার দুপুরে অস্ত্র উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৬ টার দিকে নওয়াপাড়া রেলস্টেশন বাজার এলাকায় লুৎফর রহমান সরদারের বহুতল ভবনে অভিযান চালানো হয়। এ সময় ভবন মালিকের ছেলে রাকিব সরদারকে আটক করা হলে তার স্বীকারোক্তি মোতাবেক তৃতীয় তলায় রান্নাঘরের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, একটি খালি ম্যাগাজিন, ৩২ রাউন্ড পিস্তলের অ্যামো, শটগানের ২৪টি খালি কাটিজ, শটগানের একটি ব্যারেল, শটগানের বাক্স ও একটি বুলেট, ৪টি দেশি চাকু ও একটি কুড়াল, ১৩টি আইডি কার্ড, মেমোরি কার্ড ও ইয়াবা ট্যাবলেট সেবনের সামগ্রী উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ রাকিব সরদারকে অভয়নগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। অভিযানের নের্তৃত্বে ছিলেন, অভয়নগর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মাহফুজ।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে আটক রাকিব সরদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ