প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 30 January 2026, 02:53 ইং
‘নতুন কোনো স্বৈরাচার বসাতে গণঅভ্যুত্থান হয়নি’: ঘোড়াশালে নাহিদ ইসলাম

স্বপ্নভূমি ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “এক স্বৈরাচারকে সরিয়ে নতুন কোনো স্বৈরাচারকে ক্ষমতায় বসানোর জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি। বরং কেউ যাতে ভবিষ্যতে স্বৈরাচার হতে না পারে, সেই পথ বন্ধ করতেই ছাত্র-জনতা রক্ত দিয়েছে।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-২ (পলাশ) আসনের ঘোড়াশালে এনসিপি ও ১১ দলীয় জোট আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একটি বড় রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে নাহিদ ইসলাম বলেন, “তারা ফ্যাসিবাদী আমলে ৩১ দফা দিয়ে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ৫ আগস্টের পর দেখা যাচ্ছে তারা সেই অবস্থান থেকে সরে এসেছে। তারা জাতির সাথে প্রতারণা করে সব সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।” ২০০৮ সালের উদাহরণ টেনে তিনি বলেন, “শেখ হাসিনা ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে শত শত কোটি টাকা লুটপাট করেছে। আগামী নির্বাচনে যারা বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছে, তারা ক্ষমতায় গেলে একটি প্রতিশ্রুতিও রক্ষা করবে না।”
নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমানে আবারও ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নমিনেশন দিয়ে সংসদে পাঠানোর পাঁয়তারা চলছে। নতুন করে টাকা পাচার ও লুটপাটের পরিকল্পনা করা হচ্ছে। এসবের বিরুদ্ধে জনগণকে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “যে দলের কাছে তাদের নিজস্ব কর্মী বা প্রতিদ্বন্দ্বীরা নিরাপদ নয়, সেই দলের কাছে ২০ কোটি মানুষ নিরাপদ হতে পারে না। বাংলাদেশের মানুষ এখন নিরাপদ একমাত্র ১১ দলীয় জোটের কাছে।”
জনসভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “গত ১৭ বছরে আওয়ামী লীগ আমাদের যে অভিজ্ঞতা দিয়েছে, একটি নির্দিষ্ট দল গত ১৭ মাসেই আমাদের সেই একই অভিজ্ঞতার স্বাদ দিচ্ছে। যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার রাজনীতি করছে, ১২ ফেব্রুয়ারির ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের বিতাড়িত করা হবে।” তিনি বিএনপির বিভিন্ন ‘কার্ড’ রাজনীতির সমালোচনা করে বলেন, তারা নিজেরাও জানে না কোন কার্ড কিসের জন্য, তারা জনগণকে বিভ্রান্ত করছে।
বক্তারা শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান—এই তিনটি সেক্টরকে অগ্রাধিকার দিয়ে দেশের অর্থনীতি সচল করার প্রতিশ্রুতি দেন। ভোটকেন্দ্র দখলের যেকোনো ষড়যন্ত্র পলাশবাসী তথা সারা দেশের মানুষ প্রতিহত করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। জনসভায় নরসিংদী-২ আসনে জোটের প্রার্থী সারোয়ার তুষারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দিয়ে ১১ দলীয় জোটকে জয়ী করার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ