প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 28 January 2026, 11:47 ইং
‘হামলার অভিযোগ করায় হিজড়া গোষ্ঠীর ওপর ফের হামলা’

স্টাফ রিপোর্টার,যশোর:
যশোরে একটি হিজড়া গোষ্ঠীর ওপর আরেকটি হিজড়া গোষ্ঠীর পরিকল্পিত হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পক্ষের সদস্যরা। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনজুয়ারা হিজড়া।
লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি এলাকায় জাকির ওরফে চুমকি (তৃতীয় লিঙ্গ) নামের এক ব্যক্তির নেতৃত্বে একটি হিজড়া গোষ্ঠী তাদের ওপর হামলা চালায়। এতে তাদের কয়েকজন সদস্য আহত হন এবং যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে হয়। হামলার ঘটনার পর যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দেওয়া হয়। পরে জাকির ওরফে চুমকির পক্ষের সদস্যরা ফের তাদের ওপর হামলা চালানো হয়।
তিনি অভিযোগ করেন, অভিযোগ দেওয়ার পর এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অভিযুক্তরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং তাদের কর্মস্থলে গিয়ে বাধা সৃষ্টি করছে, যা তাদের জীবনের জন্য চরম নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সংবাদ সম্মেলনে আনজুয়ারা আরও বলেন, ‘আমরা কোনো সংঘাত বা প্রতিশোধমূলক কর্মকাণ্ডে বিশ্বাসী নই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায়বিচারের মাধ্যমেই এই সমস্যার সমাধান চাই।’
সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের হামলা রোধে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা।
সংবাদ সম্মেলনে চাঁদনী হিজড়া জানান, যশোরের হিজড়া সম্প্রদায়ের সদস্যরা তাকে গুরু মা হিসেবে তাকে চিহ্নিত করেছেন। এ বিষয়টি মেনে নিতে পারছে না জাকির ওরফ চুমকি হিজড়া। তিনি যশোরের বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার শুরু করেছে এবং প্রকৃত হিজড়া গোষ্ঠীর ওপরে হামলা করছে। তিনি সব সময় ব্যাগের মধ্যে চাকু দা নিয়ে ঘুরে বেড়ায় আর ভয়ভীতি দেখায়। তিনি চুমকি হিজড়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় গণমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মানবাধিকার সংস্থা ও সমাজের সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করে হিজড়া জনগোষ্ঠীর জীবন ও সম্মান রক্ষার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাঁদনী, মায়া, ভাবনা, পূজা, শিমলা, পায়েল, সানজিদা, নীলা, মহিনি,দুখিনি, নুপুর, কাকলী, সুবর্ণা, মুসকান প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ