প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 28 January 2026, 11:47 ইং
নির্বাচনী প্রচারে এবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জামায়াত আমির,আগামীকাল যশোর

নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী ব্যাপক গণসংযোগে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উত্তরাঞ্চলে দুদিনের সফর শেষ করার পর এবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৮ জেলায় নির্বাচনী সফরে যাচ্ছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
আজ ২৬ ও আগামীকাল ২৭ জানুয়ারি (সোমবার ও মঙ্গলবার) তিনি কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলা সফর করবেন। এই সফরকালে তিনি ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত বিশাল জনসভাগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
গত রোববার দিনভর নিজের নির্বাচনী এলাকাসহ অন্তত চারটি স্থানে বিরামহীন প্রচারণা চালিয়েছেন ডা. শফিকুর রহমান। উত্তরাঞ্চল থেকে ফিরেই সরাসরি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও প্রচারণায় অংশ নেন তিনি। এর পরপরই দুই দিনের এই দীর্ঘ সফরের কর্মসূচি ঘোষণা করা হলো।
জামায়াত আমিরের এই গুরুত্বপূর্ণ সফরে তার সঙ্গে থাকছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এছাড়া সফরকালীন কর্মসূচি সমন্বয়ের জন্য যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন এবং খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেকও তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।
দলীয় সূত্র জানায়, ১০ দলীয় জোটের প্রার্থীরা যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেসব এলাকায় ভোটারদের চাঙ্গা করতেই এই সফরের আয়োজন করা হয়েছে। বিশেষ করে খুলনা ও যশোর অঞ্চলে জোটের শক্ত অবস্থান তৈরিতে এই জনসভাগুলো বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন নেতারা।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে জোটের শরিকদের নিয়ে দেশব্যাপী ধারাবাহিক সফরের পরিকল্পনা রয়েছে ডা. শফিকুর রহমানের।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ