প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 January 2026, 06:27 ইং
চৌগাছায় জুম্মা’র খুতবায় গণভোটের প্রচারে বাঁধা, মুচলেকাসহ ২জনের জরিমানা

চৌগাছা প্রতিনিধি :
যশোরের চৌগাছায় জুম্মার নামাজের সময় গণভোটের প্রচারণার সময় তর্কাতর্কি করা ও বাঁধা দেয়ার অভিযোগে নূর আলী (৬৫) ও আব্দুর রাজ্জাক (৪১) নামে দুই ব্যক্তির কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২৩জানুয়ারী) রাত ৯টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীম বিনতে মোস্তাফিজ। এসময় চৌগাছা থানার এসআই মিজানুর রহমানসহ পুলিশ সদস্যরা তার সাথে ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামস্থ মসজিদে জুমার নামাজের সময় মসজিদের খতিব গণভোট (হ্যাঁ/না) দেয়ার বিষয়ে উদ্বুধ করতে আলোচনা করছিলেন। এসময় গ্রামের শের আলীর ছেলে নূর আলী (৬৫) এবং ফজলুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৪১) খতিব সাহেবকে বাঁধা প্রদান ও তর্কাতর্কি করেন। তারা মসজিদে কেন ভোটের প্রচারণা চালানো হচ্ছে এ নিয়ে খতিবকে হুমকিও প্রদান করেন। নামাজের পরেও বিষয়টি নিয়ে অন্যান্য মুসল্লীদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। বিষয়টি খতিব ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেন।
রিটার্নিং কর্মকর্তার নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীম বিনতে মোস্তাফিজের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালতের কাছে নূর আলী ও আব্দুর রাজ্জাক ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে মুচলেকা দেন। এসময় আদালত সরকারি কাজে বাঁধা প্রদান করার অপরাধে নূর আলী ও আব্দুর রাজ্জাকের কাছ থেকে ১হাজার করে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এরআগে এদিন সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মীম বিনতে মোস্তাফিজের নেতৃত্বে চৌগাছা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কওে ৪ মোটরসাইকেল চালকের কাছ থেকে হেলমেট ও কাজগজপত্র না থাকার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ