প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 22 January 2026, 05:25 ইং
যশোরে শাকসু নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, যশোর :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে নির্বাচন আয়োজনের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২১ জানুয়ারি) বিকেলে যশোর শহর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিকেল ৩টা ৩০ মিনিটে শহরের মনিহার এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও যশোর শহর শাখা সভাপতি আহম্মেদ ইব্রাহিম শামিম।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে আহম্মেদ ইব্রাহিম শামিম বলেন, "শাকসু সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি এবং গণতান্ত্রিক অধিকার। দীর্ঘদিন ধরে এই নির্বাচন স্থগিত রাখা শিক্ষার্থীদের অধিকার হরণ করার শামিল। ক্যাম্পাসগুলোতে সুস্থ ধারার রাজনীতি এবং নেতৃত্বের বিকাশে ছাত্র সংসদের কোনো বিকল্প নেই।" তিনি অবিলম্বে শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
যশোর শহর অফিস সম্পাদক তৌহিদুর জামান বলেন, "শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে ছাত্রশিবির রাজপথে ছিল এবং থাকবে। শাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা বরদাশত করা হবে না।"
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শহর শাখার সাহিত্য সম্পাদক জাহিদ হোসেন, এইচআরএম সম্পাদক আমির হামজা, স্কুল-কলেজ কার্যক্রম সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ