প্রিন্ট এর তারিখঃ Mar 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ 21 January 2026, 15:18 ইং
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১২ লাখ টাকা খুইয়েছেন কৃষি ব্যাংকের ম্যানেজার

স্টাফ রিপোর্টার,যশোর:
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১২ লাখ টাকা খুইয়েছেন যশোরের মণিরামপুর খেদাপাড়া কৃষি ব্যাংকের ম্যানেজার খলিলুর রহমান। সোমবার দুপুরে চাঁচড়া কাঁচা বাজারে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ব্যবস্থাপক খলিলুর রহমান গতকাল অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় একটি চুরি মামলা করেছেন। মামলার অভিযোগে জানা গেছে, মণিরামপুরের বিপ্রকণা গ্রামের আমজাদ আলীর ছেলে যশোর শহরের ষষ্টিতলা পাড়ার ফায়ার সার্ভিস এলাকার বাসিন্দা খলিলুর রহমান খেদাপাড়া কৃষি ব্যাংকের ব্যবস্থাপক। সোমবার তিনি নিজের প্রয়োজনে ব্যাংক থেকে ১২ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলে যশোর শহরের বাসার উদ্দ্যেশে রওনা দেন। দুপুর সোয়া একটার দিকে যশোর-রাজগঞ্জ সড়কের গোয়ালদা বাজারের কাছে পৌঁছালে একজন অপরিচিত ব্যক্তি তার মোবাইলে ফোন করে ব্যাংকে কিছু টাকা রাখবে বলে জানান। খলিলুর রহমান তাকে চাঁচড়া কাঁচা বাজারে অপেক্ষা করতে বলেন। বেলা দেড়টার দিকে তিনি কাঁচাবাজারের পৌছালে ২/৩ জন আপরিচিত ব্যক্তি তার কাছে আসেন এবং হ্যান্ডশেক করেন। এরপর তিনি আস্তে আস্তে অন্যমনস্ক হয়ে যান। কিছুক্ষণ পর খলিলুর রহমান স্বাভাবিক হয়ে দেখেন তার ব্যাগ ফাঁকা টাকা নেই। অপরিচিত ব্যক্তিরা ব্যাগ থেকে ১২ লাখ টাকা চুরি করে চাঁচড়া চেকপোস্টের দিকে চলে যায়। খোঁজাখুঁজি করে না পেয়ে খলিলুর রহমান এ মামলা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ