প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 20 January 2026, 15:12 ইং
শাকসু নির্বাচন বন্ধ হলে দেশব্যাপী লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের

স্বপ্নভূমি ডেস্ক :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বন্ধ বা স্থগিত করা হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী কঠোর ও লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির দাবি, একটি বিশেষ মহল পরাজয়ের ভয়ে পেশিশক্তি ও আইনি মারপ্যাঁচে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার নীল নকশা করছে।
আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
সংবাদ সম্মেলনে শিবির সভাপতি অভিযোগ করেন, আগামীকাল ২০ জানুয়ারি নির্ধারিত শাকসু নির্বাচন বানচাল করতে ছাত্রদল হীন চক্রান্তে লিপ্ত হয়েছে। তিনি বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোটের কার্যক্রমের মধ্যেও শিক্ষার্থীদের দাবির মুখে নির্বাচন কমিশন (ইসি) শাকসু নির্বাচনের অনুমতি দিয়েছিল। কিন্তু ছাত্রদল পরাজয়ের গ্লানি এড়াতে ইসি কার্যালয় ঘেরাও এবং হাইকোর্টে রিট করার মতো ঘটনা ঘটিয়েছে।” তিনি আরও দাবি করেন, অ্যাটর্নি জেনারেলের অফিস থেকেও নির্বাচন বন্ধে ‘মব ক্রিয়েট’ করার চাপ দেওয়া হচ্ছে, যা জুলাই অভ্যুত্থান পরবর্তী ছাত্রসমাজের আকাঙ্ক্ষার সঙ্গে চরম তামাশা।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা ছিল ছাত্রসমাজের বড় অর্জন। সম্প্রতি ৫টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের ইতিবাচক ফল হিসেবে আবাসন সংকট নিরসন, মাদকমুক্ত পরিবেশ ও শিক্ষার মান উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, যে ভোটাধিকারের জন্য দেশ ১৭ বছর লড়াই করেছে, ছাত্রদল আজ সেই অধিকার কেড়ে নিতে কেন মরিয়া হয়ে উঠেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “শাকসু নির্বাচন শাবিপ্রবির ৯ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবি। কোনো রাজনৈতিক চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করা হলে তা বরদাস্ত করা হবে না।” তিনি স্পষ্ট করে বলেন, যদি শেষ পর্যন্ত নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হয়, তবে ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সারা দেশে লাগাতার আন্দোলন শুরু করবে।
সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজওয়ানুল হক ও বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ