প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 20 January 2026, 15:12 ইং
‘কালো টাকা ও ঋণখেলাপির বদলে জনগণের অর্থে নির্বাচন’: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক :
কালো টাকা ও ঋণখেলাপি ব্যবসায়ীদের অর্থনির্ভর রাজনীতির সংস্কৃতি ভেঙে দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির প্রার্থীরা কোনো ধনাঢ্য ব্যবসায়ী বা ঋণখেলাপির অর্থে নয়, বরং জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানে বা 'ক্রাউড ফান্ডিং' এর মাধ্যমে নির্বাচনী বৈতরণি পার হতে চান।
আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।
স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন মডেল আসিফ মাহমুদ বলেন, “নির্বাচিত প্রতিনিধিরা যাতে কেবল জনগণের কাছে দায়বদ্ধ থাকেন, সেজন্য আমরা জনগণের ছোট ছোট অনুদানে নির্বাচন করতে চাই। দাতারা চাইলে সরাসরি দলকে অথবা নির্দিষ্ট কোনো প্রার্থীকে সহায়তা করতে পারবেন। এই তহবিলে আসা অর্থের প্রতিটি পাই-পয়সার হিসাব প্রতি বছর অডিটের মাধ্যমে প্রকাশ করা হবে, যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।”
প্রার্থীদের যোগ্যতায় তারুণ্যের প্রাধান্য দলের প্রার্থীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান তুলে ধরে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টির অধিকাংশ প্রার্থীই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে চাকরি ছেড়ে আসা তরুণ পেশাজীবী অথবা সদ্য পড়াশোনা শেষ করা সাবেক শিক্ষার্থী। তিনি বলেন, “আমাদের প্রার্থীদের কারও বিদেশি নাগরিকত্ব নেই, কেউ শত কোটি টাকার ঋণখেলাপিও নন। প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করলেই এর সত্যতা মিলবে। জনগণের সমর্থন ও অর্থই আমাদের প্রধান শক্তি।”
ব্যবসায়িক প্রভাবমুক্ত সংসদ গড়ার অঙ্গীকার ব্যবসায়ীদের অর্থায়নে রাজনীতির কুফল উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, কোনো প্রার্থী যদি ব্যবসায়ী বা ঋণখেলাপিদের অর্থে নির্বাচিত হন, তবে সংসদে গিয়ে জনস্বার্থের চেয়ে অর্থদাতাদের স্বার্থ রক্ষার সম্ভাবনাই বেশি থাকে। জাতীয় নাগরিক পার্টি সেই কলুষিত রাজনীতির অংশ হতে চায় না। তিনি আরও যোগ করেন, রাষ্ট্র পরিচালনার প্রতিটি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে জনগণের পরামর্শ ও সমর্থন নিয়ে এগিয়ে যাওয়াই তাদের লক্ষ্য।
দেশবাসীর প্রতি আহ্বান সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, “যাদের আপনারা উপযুক্ত মনে করেন, তাদের পাশে দাঁড়ান। আপনাদের ছোট ছোট সহযোগিতায় আমরা যদি নির্বাচিত হতে পারি, তবে সংসদে কেবল আপনাদের কণ্ঠস্বরই প্রতিধ্বনিত হবে।”
সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং নির্বাচনী তহবিলের স্বচ্ছতা বজায় রাখার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্মের বিষয়েও আলোকপাত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ